Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধর্মীয় অনুভূতিতে আঘাত: সাত মামলায় লতিফ সিদ্দিকীর জামিন

স্টাফ রিপোর্টার: পবিত্র হজ ও তাবলিগ নিয়ে কটূক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সাত মামলায় ছয় মাসের জন্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিতও করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ মে) লতিফ সিদ্দিকীর জামিনের আবেদনের শুনানি শেষে মঞ্জুর করেন বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলির হাইকোর্ট বেঞ্চ।

পাশাপাশি কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি ও রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিতও করেছেন আদালত।

এর মধ্যে ছয়টি মামলা ঢাকার সিএমএম ও একটি মামলা নারায়ণগঞ্জের আদালতে দায়ের করা হয়েছিল। গত রোববার (২৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ঢাকার সাত মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করলে হাইকোর্টে আসেন লতিফ সিদ্দিকীর আইনজীবীরা। ওই সাতটির মধ্যে ছয়টিতে এবং নারায়ণগঞ্জের এক মামলায় জামিন পেলেন তিনি।

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান।

উল্লেখ্য,   ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির এক মতবিনিময় সভায় তাবলিগ জামাত,  হজ, হযরত মুহাম্মদ (স.)   এবং  সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি করেন তিনি। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় ঢাকার সিএমএম আদালতে বিভিন্ন ব্যক্তি মোট সাতটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায়ও বেশ কয়েকটি মামলা করা হয়। ২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। এরপর ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।

Leave A Reply

Your email address will not be published.