সৈয়দপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ রঙের সমারোহ
সুমন মুখার্জী, নীলফামারীঃ নীলফামারী জেলার সৈয়দপুরে মাঠে মাঠে সরিষার আবাদ। এখন অপরুপ সৌন্দর্য বিলাচ্ছে সরিষা ফুলের হলুদ সমারোহ। শীতের শিশির ঝরা ফুলের পাঁপড়িতে শীতের সকালে রোদের ঝিলিক আর বাতাসে সরিষা ফুলের সৌরভ ছড়াচ্ছে চারদিকে। একদিকে বোরো বীজতলা তৈরির কাজ চলছে পুরোদমে। তাই কৃষকের এখন ব্যস্ততার কমতি নেই। শিশির ঝরা সকাল সরিষা ক্ষেত মাড়িয়ে কাজের সন্ধানে ছুটে চলেছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। গ্রামে সকালে মিষ্টি- মধুর রোদে বসে পিঠা পায়েস খাওয়া এক আলাদা অনুভূতি।
সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমনি প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। কখনো সবুজ, কখনো সোনালী, কখনো বা হলুদ। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্যের মধ্যে কৃষকদের মুখে হাসি। সেই সাথে এই শীতের সকালে মৌমাছির মধ্যেও হাসির বান ডেকেছে। আর মাঠে মাঠে নামিয়েছে মধু সংগ্রহের পালা। আহরণ করছে মধু। মৌমাছিদের সাথে সাথে মধু সংগ্রহকারীদের ব্যস্ততা বেড়ে গেছে।
শীতের শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। মানুষের মনকে করছে পুলকিত সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। মাঠে মাঠে দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শীতকালকে ফুটিয়ে তুলেছে। উপজেলার কামারপুকুর, বোতলাগাড়ি, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও বাঙ্গালিপুর ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই চিত্র।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মন্ডল জানান, অন্যান্য ফসলের মত সরিষা চাষের দিকে উপজেলার ৫টি ইউনিয়নের কৃষকরা ঝুঁকে পড়েছে। গত বছরের চেয়ে এবার ভাল ফলন পাবেন বলে তারা আশাবাদী। বাজারে সরিষা দাম ভাল যাচ্ছে। এ ছাড়া সরিষা তেলের দামও অনেক বেশি। তাই কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পমেয়াদী ফসল হিসাবে সরিষা চাষে তারা ঝাঁপিয়ে পড়েছে।