২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
স্টাফ রিপোর্টার: ২০১৫-১৬ অর্ধবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ৪৪তম বাজেট আজ পেশ হচ্ছে। জনপ্রত্যাশার চাপ সামলাতে বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্য নিয়েই ২০১৫-১৬ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি তার নবম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের টানা দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট।
গতবারের চেয়ে ১৮ শতাংশ বেশি ব্যয়ের লক্ষ্য নিয়ে এবারের বাজেটের আকার হতে যাচ্ছে ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ অর্থের সংকুলানে বড় চাপ রাজস্ব খাতেই থাকছে। এ লক্ষ্যে আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে। কিছু ক্ষেত্রে করের হারও বাড়ানো হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্য থাকছে ২ লাখ ৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আসবে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। অবশিষ্ট ৩১ হাজার ৬৩০ কোটি টাকা আসবে এনবিআর-বহির্ভূত খাত থেকে। নতুন বাজেটে সামগ্রিকভাবে ঘাটতি থাকবে ৮৭ হাজার কোটি টাকার বেশি, যা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) শতকরা হারে ৫ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে অভ্যন্তরীণ উত্স ও বিদেশি সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ থেকে।