অনির্দিষ্টকালের সিএনজি ফিলিং স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

সরকারের আশ্বাসে দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এবং পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জ্বালানী মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় দুই সংগঠন। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের অভিন্ন দাবিসহ সিএনজি স্টেশনের তিন দফা এবং পেট্রোলপাম্প মালিকেদের ১২ দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের কথা ছিল।
তবে আজ শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণাল; বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আন্দোলনকারী দুই সংগঠনের সাথে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে দুই মাসের সময় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপর একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী দুই মাসের মধ্যে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে এমন আশ্বাসের ভিত্তিতে ঘোষিত কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারী দুই সংগঠন।
ত্রিপাক্ষিক বৈঠকে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পেট্রোলপাম্প এসোসিয়েশনের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক ফারহান নূর, বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নাজমুল হকসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।