আইএসে যোগ দিতে যাওয়া কিশোরী আটক
ইসলামিক স্টেটে (আইএস) এ যোগ দিতে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকার ১৫ বছরের এক কিশোরী ধরা পড়েছে। গত রোববার বিমান ছাড়ার আগ মুহূর্তে সে ধরা পড়ে । দেশটির নিরাপত্তামন্ত্রী ডেভিড মাহলোবো স্থানীয় পত্রিকা দ্য স্টারকে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি ওই কিশোরী আইএসে যোগ দেয়ার পরিকল্পনা করছিল। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় ছিল।’ রোববার সকালে ওই কিশোরীর দাদা-দাদি তাঁদের কেপটাউনের বাড়ি থেকে নাতনিকে পাওয়া যাচ্ছে বলে থানায় অভিযোগ করেন। ওই দিন জোহানেসবার্গগামী ব্রিটিশ এয়ার ওয়েজের একটি বিমানে তাকে পাওয়া যায়। ওই কিশোরী তুরস্ক যাচ্ছিল। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে তার সিরিয়ায় প্রবেশ করার পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদ শেষে ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, তদন্তকারী একটি দল ওই কিশোরীর কক্ষে অভিযান চালিয়ে আইএসের নিয়োগকারী দলের সঙ্গে যোগাযোগ করার প্রমাণ পেয়েছে। মন্ত্রী মাহলোবো দ্য স্টারকে বলেন, ‘এই যোগাযোগ কত দূর গড়িয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দেশটিতে আইএসের সেল আছে কি না এবং এর অর্থায়ন ও নিয়োগের পদ্ধতি কী, তদন্ত চলছে। দক্ষিণ আফ্রিকাকে নিয়োগের স্থান হবে আমারা তা হতে দিতে পারি না।’
