আইনজীবিকে পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবি সমিতির আদালত বর্জন
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে এক আইনজীবিকে পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আদালত বর্জন করেছে আইনজীবিরা। এতে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা বিচার প্রার্থীরা। বুধবার সকাল থেকে আদালত বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করছে জেলা আইনজীবি সমিতি।
আইনজীবিরা জানান, এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আইনী সহায়তা করায় মঙ্গলবার বিকেলে এডভোকেট তৌহিদুল ইসলামকে কোট চত্ত্বরে নির্যাতনের পর গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে চীফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও জেলা জজ আদালত বর্জন করে এ কর্মসূচী পালন করছে জেলা আইনজীবি সমিতি। জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম জানান, পুলিশ সদস্যের বিরুদ্ধে তার স্ত্রীকে আইনি সহায়তা দেয়ায় এডভোকেট তৌহিদুল ইসলামকে কোট চত্ত্বরে পুলিশ সদস্যরা নির্যাতনের পর গ্রেফতার করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাতে কোর্ট বর্জন করেছি।