গজনির একটি শহর দখল নল তালেবান
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে শ’ শ’ তালেবান যোদ্ধা কৌশলগত একটি শহর দখল করে নিয়েছে। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
জঙ্গিরা এক সপ্তাহের লড়াইয়ের পর বৃহস্পতিবার রাতে আজরেস্তান এলাকা দখলে নেয়ার পর প্রায় ৭০ গ্রামবাসীকে হত্যা করেছে।
প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র বলেছেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশের সন্দেহে নারীসহ ১৫ জনের শিরশ্ছেদ করা হয়েছে।
গজনির ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল্লাহ শাফি জানান, আজরেস্তান জেলায় প্রায় সাতশ জঙ্গি নিয়ে গত পাঁচদিন ধরে পুলিশ ও অন্যান্য সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে তালেবান। হামলায় এ পর্যন্ত অন্তত একশ মানুষ নিহত হয়েছে।
তালেবানদের হামলায় একশ’ মানুষ নিহত হওয়ার কথা প্রদেশটির ডেপুটি গভর্নর আব্দুল্লাহ আহমাদিও জানিয়েছেন।
রাজধানী কাবুল থেকে মাত্র দুইশ’ কিলোমিটার দক্ষিণে আজরেস্তান অবস্থিত। ওই এলাকার দখল নেয়ায় আশপাশে অভিযান চালানোর সুবিধা পাবে তালেবানরা।
আজরেস্তানে নতুন করে ছড়িয়ে পড়া লড়াই দেশটির নতুন প্রেসিডেন্ট আশরাফ গনির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
প্রায় এক দশকের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিদায়ের পর, চলতি বছরের শেষদিকে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের বিদায় নেয়ার কথা। তালেবান উত্থান ঠেকাতে বিদেশি সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়।
পুলিশ কর্মকর্তা শাফি জানান, “শুক্রবারও আজরেস্তানে তুমুল সংঘর্ষ চলছিল। সকালে একটি পুলিশ তল্লাশি চৌকিতে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় তালেবান। এরপরই সেখানকার পুলিশের সঙ্গে প্রাদেশিক প্রশাসনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়”।
ওদিকে, আফগান সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র নাজিফ সুলতানি জানান, শুক্রবারই একটি বিশেষ বাহিনী আরজিস্তানের উদ্দেশে যাত্রা করেছে। তবে সেখানকার সর্বশেষ পরিস্থিতি তার জানা নেই।
