গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু সাজিনা খাতুনের লাশ নবনির্মিত এক ভবনের নিচে পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের নিচে আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
নিহত সাজিনা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মো. সাবু মিয়ার মেয়ে। সে মিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলে মিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় সে। কিন্তু বিদ্যুৎ না থাকায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। এরপর থেকেই সে নিখোঁজ হয়। পরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, রোববার সকালে শালমারা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে লাশ বাড়িতে নিয়ে যায়। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা। তাদের ধারণা, নবনির্মিত ভবন থেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। আর তা না হলে তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।