চন্দনাইশে হাতপাখা তৈরির ধুম
চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্রীষ্মের আগমন বার্তার শুরুতেই তালপাতা দিয়ে হাতপাখা তৈরির ধুম পড়েছে। উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কদমতলী পাড়া ও দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়ায় মহিলারা তাল পাতা দিয়ে হাতপাখা তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। এসব এলাকার মহিলারা পারিবারিক কাজ-কর্মের পাশাপাশি দলবদ্ধ হয়ে বাড়ির আঙ্গিনায় বসে হাতপাখা তৈরি করে। তৈরিকৃত এসব হাতপাখা গ্রাম-গঞ্জ ছাড়াও হাটবাজারে ও বিভিন্ন মেলায় বিক্রি করা হয়।
তাজমিনা আক্তার জানান, প্রতিদিন ১০/১৫টি করে হাতপাখা তৈরি করতে পারে তারা। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে প্রতিযোগিতা করে বিদ্যুতের অসহনীয় লোড শেডিং এর ফলে গরমে মানুষ যখন অতীষ্ঠ হয়ে পড়ে তখনি শীতল হাওয়ার জন্য হাতপাখাই একমাত্র সহায় সম্বল। প্রত্যেকটি পরিবারে হাতপাখার কদরও রয়েছে। দামও চড়া। প্রতিটি হাতপাখা রমক ভেদে ৭০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করা হয়। পুরুষ লোকেরাও বসে নেই। চাষাবাদের পাশাপাশি হাতপাখা তৈরি কাজে মহিলাদেরকে সহযোগিতা করেন তারা।