চীনে টাইফুন সুডেলরের আঘাতে ৯ জনের মৃত্যু
চীনে শনিবার রাতে আঘাত হেনেছে টাইফুন সুডেলর। এতে চীনের পূর্বাঞ্চলে নয় জনের প্রাণহানি হয়েছে। টাইফুনের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে গত একশ’ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় দুর্যোগ ত্রাণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের বিভিন্ন অংশে ভূমিধস হয়েছে। এতে তিন জন নিখোঁজ রয়েছেন।
ওয়েনচেং অঞ্চলে গত ২৪ ঘন্টায় ৬৪৫ মি.লি. বৃষ্টিপাত হয়েছে যা গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ। টাইফুনে কমপক্ষে ২৪ কোটি ৮০ লাখ ইউয়ানের (৪ কোটি ডলার) আর্থিক ক্ষতি হয়েছে। ২০ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে যায়। তবে রোববার সকালের মধ্যে এক তৃতীয়াংশ বিদ্যুৎ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
টাইফুন সুডেলর ঘন্টায় ২৩০ কি. মি. বেগে শনিবার রাতে চীনে আছড়ে পড়ে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, রোববার রাতের মধ্যে টাইফুনের তীব্রতা হ্রাস পেয়ে গ্রীষ্মমন্ডলীয় নি¤œচাপে পরিণত হতে পারে। এটি ক্রমেই স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। চীনের আগে তাইওয়ানে আঘাত হানে সুডেলর। এতে দেশটিতে ছয় জনের প্রাণহানি ঘটে। গাছপালা উপড়ে যায়, ভূমিধস হয় ও বহু বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।