তিন সিটি নির্বাচন বয়কট করল বিএনপি

চট্টগ্রামের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার (২৮ এপ্রিল) দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভোট বর্জনের এ ঘোষণা দেন।
নির্বাচনে সরকার সমর্থকদের কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ২০ দলের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
দলটির ইলেকশন মনিটরিং টিমের সদস্যরাসহ উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
এরআগে, অনিয়ম, কারচুপির অভিযোগ করে চট্টগ্রামে সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি। মঙ্গলবার সকাল ১১টার পর ব্রিফিংয়ে এমনটা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মেয়র প্রার্থী মনজুর আলম।