দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় টাইগারদেরকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি : সফররত দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে পরাজিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সোমবার রাতে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে বিজয় লাভ করেছে।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এই অসামান্য সাফল্যের জন্য জাতীয় দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের অক্লান্ত প্রচেষ্টার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সফররত দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি এ বিজয়ের জন্য কোচ, ম্যানেজার, ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্যকে ধন্যবাদ জানান। জাতীয় ক্রিকেট দল বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে এবং বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।