দেশব্যাপী কমিটি পুনর্গঠন করবে জাপা
নিজস্ব প্রতিবেদক : তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাফর)।
দল শক্তিশালী করতে একমাসের মধ্যে দলের ঢাকা মহানগর শাখা এবং দ্রুত সময়ের মধ্যে দেশের প্রত্যেকটি জেলা-উপজেলা কমিটি গঠন করা হবে। একইসঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনও পুনর্গঠন করা হবে।
রোববার রাজধানীতে গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের মহাসচিব প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এসএমএম আলম, অ্যাডভোকেট রুহুল আমীন, লুৎফুর রহমান হেলাল, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভুইয়া, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, অ্যাডভোকেট আব্দুল মজিদ প্রমুখ।
সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, সারাদেশে সাংগঠনিক কমিটি গঠনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে প্রতিটি জেলা উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে জাঁকজমকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমেদের প্রাক্তন ব্যক্তিগত সহকারি গোলাম মোস্তফা।বাংলাদেশেরপত্র/এডিপি/আর
