দেশের ৬৮ কারাগারে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে সারাদেশের ৬৮টি কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কারা কর্তৃপক্ষ। কারা সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আজ থেকে কারাগারে থাকা বন্দিদের খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শণার্থীরা তল্লাশির পর বন্দিদের সঙ্গে দেখা করতে পারবেন।
কারা সূত্র আরো জানায়, কারাগারে আসা কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে। এ ছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিদের কঠোর নজরদারি করা হবে।
কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে আইজি প্রিজন ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, হাইয়েস্ট অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তবে, কতদিন পর্যন্ত এই সতর্কতা থাকবে এবিষয়টি এখনো নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ।