রাজাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, ৩ ছাত্রীসহ আহত ৮
রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৩ ছাত্রী ও ৫ ছাত্রসহ মোট ৮ জন আহত হয়। হামলার পর পরই পরীক্ষার্থীরা রাজাপুর এসে উপজেলা নির্বাহী অফিসার এবি এম সাদিকুর রহমানের কাছে এ ঘটনার বর্ণনা দেয়। উপজেলা নির্বাহী অফিসার এদের থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরীক্ষার্থী আসলাম বাদি হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পরীক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর সদরের পূর্ব রাজাপুর ট্যাকনিক্যাল কলেজের ৭৮ জন ছাত্র-ছাত্রীরা সকাল সাড়ে ৯টায় রাজাপুর সদর থেকে বড়ইয়া ডিগ্রি কলেজে প্রাকটিক্যাল পরীক্ষা দেয়ার জন্য টেম্পোযোগে রওয়ানা হয়। উত্তমপুর বাজারের কাছাকাছি বিশ্বাস বাড়ি নামক স্থানে গেলে সুপাক ও অজ্ঞাত নামের ২/৩ জন রেন্ট-এ কার (হোন্ডা) চালক মেয়েদের বহনকারী টেম্পুর পিছু নেয় এবং আজেবাজে ও অশ্লীল ভাষায় মন্তব্য করতে থাকে। এ সময় অন্য টেম্পোতে থাকা মেয়েদের সহপার্টিরা এর প্রতিবাদ করে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা দিয়ে একই সড়ক দিয়ে আশার পথে উত্তমপুর বাজারে এলে সুপাক ও মিজানের নেতৃত্বে ৪০/৫০জন রেন্ট-এ কার (হোন্ডা) চালক পরীক্ষার্থী বহনকারী টেম্পোর গতিরোধ করে পরীক্ষার্থীদের টেম্পো থেকে নামিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এদের ওপর হামলা চালায়। এতে ৮ পরীক্ষার্থী আহত হয়। আহতরা হল- সাহারা, সালমা, বাপ্পি, মকবুল, বেল্লাল ও লিমনসহ ৮ জন আহত হয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
থানায় অভিযোগের পরে পুলিশ ঐ সড়কে অভিযান চালিয়ে কোন রেন্ট-এ কার চালককে গ্রেফতার করতে পারে নি।
এ ব্যাপারে রাজাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।