লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে বৃদ্ধ নিহত, আহত ২,আটক ১
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ডাকাতের গুলিতে আবদুল ওদুদ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীসহ দুই জন আহত হন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কমলনগর উপজেলার করইতোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় উপজেলার তোরাবগঞ্জ গ্রামের নুরুলআমিন নামে একজনকে আটক করেছে। সকালে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন ঘটনার স্থল পরিদর্শন করেন ।
নিহত আবদুল ওদুদ উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত চকু জমাদারের ছেলে। আহতরা হলেন- নিহতের ছেলে প্রবাসী আবদুর রহমান (৪০) ও নাতী মো. রাসেল (১৯)। এদের মধ্যে প্রবাসী আবদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের বুকে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত প্রবাসী আবদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত গৃহকর্তার বড় মেয়ে নুরজাহান বেগম বলেন, রাতে ১৮/২০ জনের একদল ডাকাত তাদের বাড়িতে ডাকাতি করতে ঢুকে। এসময় তার বৃদ্ধ বাবা বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে ডাকাতরা স্বর্ণালংকার ,নগদ টাকা ও পাসপোর্ট সহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুটে নেয়।
