শাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এবারে পাশের হার ৭৮ শতাংশ। মঙ্গলবার রাত ১০টায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা এ ফল ঘোষণা করেন।
ভর্তি পরীক্ষায় ৩২ হাজার ৭৭৫ জন অংশগ্রহণ করে মোট ২৫ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী পাশ করেন। ‘এ’ ইউনিটে ২৬৮ জন কোটাভুক্ত শিক্ষার্থীসহ মোট ৭ হাজার ৩৬৩ জন এবং ‘বি’ ইউনিটে ৪৯৫ জন কোটাভুক্তসহ ১৮ হাজার ২১৫ জন শিক্ষার্থী পাশ করেছেন।
‘এ’ ইউনিটের মেধা তালিকায় বিজ্ঞান শাখায় সর্বোচ্চ ৭২ দশমিক ৭৫ ও সর্বনিম্ন ৫০ নম্বর, মানবিক শাখার সর্বোচ্চ ৭০ দশমিক ৪৩ ও সর্বনিম্ন ৫৬ নম্বর এবং ব্যবসা প্রশাসন শাখায় সর্বোচ্চ ৮২ ও সর্বনিম্ন ৫৫ দশমিক ৩১ নম্বর পেয়েছে।
‘বি’ ইউনিটের মেধা তালিকায় সর্বোচ্চ ৮৯ এবং সর্বনিম্ন ৬২ নম্বর পেয়েছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা।
এবারের ভর্তি পরীক্ষায় ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী আবেদন করেন। ‘এ ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটের ৮৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাবির ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।