স্ট্রবেরি চাষে সফল চারঘাটের জয়নাল আবেদীন
চারঘাট প্রতিনিধি, রাজশাহী:
স্ট্রবেরি চাষ করে সফলতা অর্জন করেছেন চারঘাটের জয়নাল আবেদীন। তিন বছর আগে দুই বিঘা জমিতে স্ট্রবেরি চাষ শুরু করেন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন। পরপর দুই বছর সাফল্য লাভের পর চলতি বছর তিনি দশ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেন। বিগত দুই বছরের তুলনায় এবার উৎপাদন আরও ভাল হয়েছে। তাই অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি লাভবান হবেন বলে তিনি আশা করছেন।
জয়নাল আবেদীন জানান, অক্টোবর মাসে চারা রোপণ করে মাত্র ৬ মাসেই উৎপাদিত পণ্য বিক্রি করা যায়। ছয় মাসে উৎপাদন খরচের দ্বিগুণেরও বেশি আয় হয় বলে তিনি জানান। চলতি ফেব্র“য়ারি মাসের শেষ দিকে অথবা আগামী মার্চ মাসের প্রথম থেকেই জমি থেকে স্ট্রবেরি তুলে স্থানীয় বাজারে বিক্রি এবং ঢাকায় চালান দেওয়া হবে বলে জানান জয়নাল আবেদীন।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ইউসুফপুর ইউনিয়নে ২৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়। যা রাজশাহী জেলায় সবচেয়ে বেশি।