সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শেখ হাসিনার মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, বক্তব্য দিলেন চট্টগ্রামের যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম রিয়াদ
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রামের যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম রিয়াদ বলেন, সারা দেশে সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তুঙ্গে। এ কারণেই তাকে দেশ, জনগণ ও রাজনীতি থেকে দূরে রাখতে অসংখ্য মিথ্যা মামলার মাধ্যমে প্রহসনের বিচার নাটক সাজানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সারাদেশে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে রাজবন্দি করা হয়েছে। এসব মামলার প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে তাদের রাজনৈতিক সহযোদ্ধারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেছেন।