ফেসবুকে আলোচনায় বাংলাদেশ চতুর্থ
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনা হচ্ছে। ফেসবুকে ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতে। এ তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। এর পরই রয়েছে ইংল্যান্ড। সম্প্রতি ফেসবুকের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ফেসবুক মূলত ব্যবহারকারীদের ক্রিকেট সংশ্লিষ্ট তথ্য টাইমলাইনে শেয়ার করা, সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপ ব্যবহার, পেজ লাইক এবং ক্রিকেট নিয়ে অন্যান্য কার্যকলাপের ওপর ভিত্তি করে এ জরিপ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী এখন চলছে ক্রিকেট উন্মাদনা। অন্য মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্রিকেট নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ফেসবুকে ক্রিকেটপ্রেমীর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যত মানুষ ফেসবুকে ক্রিকেট নিয়ে আলোচনা করছে, তার ৪৫ শতাংশ ভারত থেকে। ফেসবুক সূত্রে জানা যায়, সাইটটিতে ক্রিকেট নিয়ে আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ শতাংশ পুরুষ এবং ১৯ শতাংশ নারী। গত শনিবার শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। ১৩০ কোটিরও বেশি মানুষ ফেসবুকের নিবন্ধিত। এর মধ্যে প্রায় ১০ কোটি মানুষ সাইটটিতে ক্রিকেট-সংক্রান্ত পোস্ট দেয় কিংবা অন্য কর্মকাণ্ডে অংশ নেয়। বিশ্বকাপ ক্রিকেটে যুক্তরাষ্ট্র না থাকলেও ফেসবুকে আলোচনায় অংশ নেয়া ব্যবহারকারীর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।