চুনারুঘাট-বাল্লা সড়কে সামাজিক বনায়নের গাছ পাচারের মহোৎসব
চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাট-বাল্লা সড়কের পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় থাকা গাছগুলো কেটে পাচার করে দেয়া হচ্ছে।
শুধু তাই নয়, অনেক গাছের গোড়া কেটে রাখার কারণে এ সড়কে যাতায়াতকারী যানবাহনের যাত্রীরা রয়েছেন মারাত্মক আতংকে। কখন ওই গোড়াকাটা গাছ হেলে পড়ে ঘটায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। বিষয়টি প্রশাসনসহ স্থানীয় জন প্রতিনিধিদেরকে জানানোর পরও নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ।
উপজেলার বিভিন্ন সংরক্ষিত বন, রাস্তার পাশে লাগানো গাছ ধ্বংস করে ফেলছে গাছচোরেরা। বিগত ২/৩ মাস ধরে ওই সড়কের নয়নাভিরাম মূল্যবান বৃক্ষ পাচারে যেন সর্বশক্তি প্রয়োগ করেছে এই চক্র। ওরা প্রতিরাতে এ সড়কের পাশে লাগানো গাছ কেটে পাচার করে দিচ্ছে।
এলাকাবাসিরা জানান, ওই সড়কের ধলাইরপাড়, লক্ষ্মীপুর, কাচুয়া থেকে প্রায় ২শ’ গাছ ইতোমধ্যেই পাচার করা হয়েছে। আরো ১৩ থেকে ১৫টি গাছের গোড়া কেটে রাখা হয়েছে। এলাকাবাসির আশঙ্কা অল্প বাতাসেই এ বৃক্ষগুলো হেলে পড়ে ঘটাবে মারাত্মক দুর্ঘটনা।
স্থানীয় গ্রাম্য পুলিশ আ. কাইয়ুম, আ. বারিক ও গোছাপাড়া গ্রামের বাসিন্দা মো. দরবেশ জমাদার, আ. হান্নান ও আ. রাজ্জাক জানান, গত ২৭ ফেব্র“য়ারি গোছাপাড়া গ্রামের কাছে চোরেরা বড় একটি গাছ কাটতে গেলে গ্রামবাসি চোরদের ধাওয়া করেন। এসময় চোরেরা ওই গাছটি গোড়াকাটা অবস্থায় রেখে পালিয়ে যায়। সকালে ওই গাছটি রাস্তার উপর হেলে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান সিএনজির ৬ যাত্রী। তারা বলেন, এ ধরনের গোড়াকাটা বহু গাছ রয়েছে রাস্তার পাশে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, বিষয়টি বহু আগেই স্থানীয় সরকার বিভাগ এবং বন বিভাগকে জানানো হয়েছে। কেন গোড়াকাটা গাছ সরিয়ে নেয়া হচ্ছেনা-তা তিনি জানেন না।