ঘনিয়ে আসছে বরিশালে মাসব্যাপী শিবের গাঁজন উৎসবের সমাপ্তিকাল
বরিশাল প্রতিনিধি:
ঢাক-ঢোল, বাঁশি, কাঁশা-করতাল বাজিয়ে মাসব্যাপী অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের শিবের গাঁজন ও নীল পূজা সমাপ্তিকাল উপস্থিত হয়েছে। আগামীকাল ১৪ এপ্রিল মঙ্গলবার সমাপ্ত হতে যাচ্ছে মাসব্যাপী এ অনুষ্ঠানের।
আগেকার দিনে শিবের গাঁজন অহরহ চোখে পড়লেও এখন তা আগের মতো আর দেখা যায় না। তবে এখনও এ রীতিকে ধরে রেখেছেন জেলার উজিরপুর উপজেলার কারফা গ্রামের বিমল হালদারের পরিচালনায় ‘হালদার সম্প্রদায়’ নামের একটি নীল পূজা ও নাচন দল। ওই দলের সদস্যরা পুরো চৈত্র মাস ধরে প্রাচীনরীতি অনুসরণ করে আজো গ্রামবাংলার মেঠোপথ পেরিয়ে দূর-দূরান্তের গ্রামের বাড়ি বাড়ি ঘুরে শিবের গাঁজন গেয়ে নীল উৎসবের নাচ নেচে আবাল-বৃদ্ধ-বণিতাদের আনন্দ দিয়ে আসছেন। এ দলে রয়েছে রাধা-কৃষ্ণ, শিব-পার্বতী, নারদসহ ১২টি দেব- দেবীর প্রতিমূর্তি। তারা সন্ধ্যা থেকে সারারাত শিবের গাঁজন ও নীল উৎসব পরিবেশন করে থাকেন। জেলার গৌরনদীর বাটাজোর গ্রামে বসে কথা হয় হালদার সম্প্রদায়ের পরিচালক বিমল হালদারের সাথে। তিনি জানান, মঙ্গলবার সকালে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে তাদের এ মাসব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।