Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাজাহানপুরের খোট্টাপাড়ায় ২টি বক্স কালভার্ট এখন মরণ ফাঁদ

Shajahanpur Pic 18.04.15শাজাহানপুর প্রতিনিধি, বগুড়া:
ধারণমাত্রার চেয়ে বেশি ওজনের পণ্যবাহী গাড়ি চলাচলের কারণে বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া মৃধাপাড়া এবং জুসখোলা মধ্যপাড়ায় গুরুত্বপূর্ণ দু’টি বক্স কালভার্ট ভেঙ্গে পড়েছে। সেগুলো এখন হাজার হাজার পথচারীর মরণ ফাঁদে পরিণত হয়েছে।
উপজেলার দুবলাগাড়ী-শাহ্নগর সড়কের বড়িতলা থেকে ঘাষিড়া পাকা রাস্তা পর্যন্ত মেঠো পথটি স্থানীয়দের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওই মেঠো পথে কাঠ ব্যবসায়ী ফরিদুর রহমান এর বাড়ির নিকট স্থাপিত বক্স কালভার্টটির উপর দিয়ে মাটি বোঝাই একটি ট্রাক চলাচলের সময় দেড় মাস আগে কালভার্টটির ছাদের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ে। এরপর থেকে রাতের আঁধারে পথচারীরা প্রায়ই ওই ভাঙ্গা সুড়ঙ্গে হুমড়ি খেয়ে পড়ছেন। আহত হচ্ছেন অনেকেই। অপরদিকে ইটবোঝাই ট্রাক পারাপারের সময় ১০ মাস আগে মোস্তাইল-হরিতলা সড়কের জুসখোলা মধ্যপাড়া এলাকায় ইউনুস আলী ফকিরের বাড়ির নিকটে স্থাপিত বক্স কালভার্টটির ছাদ ভেঙ্গে পড়ে। এরপর থেকে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। সম্প্রতি জুসখোলা এলাকায় ধ্বসে পড়া বক্স কালভার্ট পারাপারের সময় রাতের আঁধারে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন উল্লেখ করে খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার জানিয়েছেন, দুরুলিয়া মৃধাপাড়া এবং জুসখোলা মধ্যপাড়ার ভাঙ্গা কালভার্ট দু’টি জনস্বার্থে জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।
শাজাহানপুর উপজেলা প্রকৌশলী হৃদয় চন্দ্র দাশ জানিয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে ভেঙ্গে পড়া কালভার্ট দু’টি মেরামতের প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রকল্প অনুমোদন হওয়া মাত্রই কাজ শুরু করা হবে।

Leave A Reply

Your email address will not be published.