পাকিস্তানকে পরাজিত করায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রী ও
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ টি-২০ ম্যাচে সফরকারী পাকিস্তান দলকে ৭ উইকেটে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার রাতে এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী শেখ হাসিনা এই অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইতোপূর্বে তিন ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর এ বিজয় বাংলাদেশ ক্রিকেট দলের পেশাদারিত্ব ও সামর্থ্যকে বিশ্বের বুকে নতুনভাবে প্রতিভাত করেছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল দৃঢ়তার সঙ্গে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ বাস্তবায়ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি২০ ম্যাচে সফরকারী পাকিস্তান দলের বিরুদ্ধে বিজয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ রাতে এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য, কোচ, ম্যানেজার এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা জানান।
জাতীয় ক্রিকেট দল বিজয়ের এ ধারা আগামিতেও অব্যাহত রাখবে এবং বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।