আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী জানান, প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফল তুলে দেয়ার পর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর একটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমামনের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বধীন ২০দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের কারণে একটি পরীক্ষাও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হতে পারেনি।
এ কারণে পরীক্ষা শুরু হয় ৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে। তবে শিক্ষা মন্ত্রণালয়কে এবার এসএসসি ও সমমানের সবগুলো পরীক্ষাই পরিবর্তিত সূচি অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার গ্রহণ করতে হয়েছে। এ বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।
যেভাবে জানা যাবে এসএসসির ফল:
শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া মোবাইল এসএমএস এবং ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
যেকোন মোবাইল থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
অথবা, শিক্ষাবোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করেও নেয়া যাবে।