ঈদে মুক্তি পাচ্ছে না শাকিব ও পরীমনি জুটির ‘আরো ভালোবাসবো তোমায়‘
বিনোদন ডেস্ক : ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। অবশ্য আগেই ঠিক হয়ে গিয়েছিল ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমার তালিকা। তবে হঠাৎ ঘুড়ি থেকে সুতোর ছিড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে গেল। সব ধরনের প্রস্তুতি থাকার পরও ঈদে মুক্তি পাচ্ছে না শাকিব খান ও পরীমনি জুটির প্রথম ঈদের সিনেমা আরো ভালোবাসবো তোমায়। হঠাৎ করেই কেন সিনেমাটির মুক্তি আটকে গেল? এমন প্রশ্ন সিনেমাপ্রেমীদের। তবে এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে ভিন্ন ভিন্নভাবে।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক এস এ হক অলিক বলেন, ‘পোস্ট প্রডাকশনের কাজ এখনও শেষ হয়নি। আমরা অনেক চেষ্টা করেছি কালার কারেকশনের কাজ শেষ করে সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু শেষ পর্যন্ত তা শেষ করতে পারিনি। আর সবচেয়ে বড় সমস্যা হল, মাদ্রাজ যাবো কিন্তু ভিসা পাইনি। গত বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশন থেকে ভিসা দেয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে আমাকে ভিসা দেওয়া হবে ১৫ জুলাই।
তিনি আরো বলেন, ‘সিনেমার কাজ পুরোপুরি শেষ না করে তা সিনেমা হলে চালালে দর্শক হল থেকে বের হয়ে সমালোচনা করবে। সব মিলিয়ে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি বলে মুক্তি দেয়া হচ্ছে না।’
তবে মিডিয়া পাড়াখ্যাত কাকরাইলে শোনা যাচ্ছে ভিন্ন কথা। হল সংকটের কারণেই নাকি সিনেমাটি এবারের ঈদে মুক্তি দেয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজ জানান, সিনেমাটি এ পর্যন্ত মাত্র ১৭টি হলের বুকিং পেয়েছে। এজন্যই সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে না।’
এ বিষয় জানতে চাইলে এস এ হক অলিক বলেন, ‘বিষয়টি রটনা। কেননা এরই মধ্যে আমরা ৫০টি হলের বুকিং নিশ্চিত করেছিলাম। আমার বিশ্বাস, সিনেমা মুক্তি দিলে কম করে হলেও শতাধিক হল পেতাম।’
টিওটি প্রযোজিত এ সিনেমাটিতে শাকিব-পরী ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরিফসহ অনেকে।
আর এই সিনেমাটির মুক্তি থমকে যাওয়ায় এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া ছবির তালিকা আরো ছোট হয়ে তিনে এসে ঠেকল। এখন পর্যন্ত এই দৌড়ে আছে শাহীন সুমন পরিচালিত লাভ ম্যারিজ, ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি-টু এবং তন্ময় তানসেন পরিচালিত পদ্ম পাতার জল।
এরই মধ্যে সিনেমাগুলোর সেন্সর ছাড়পত্র পেয়েছে। যদি আর কোনো অঘটন না ঘটে তাহলে ঈদে এই তিনটি ছবি লড়বে প্রতিযোগিতায়।
