ঝিনাইদহে মন্দিরে গোসাইকে কুপিয়ে হত্যা
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের গাসাই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে শ্যামানন্দ দাস মন্দিরের পাশে পূজার জন্য ফুল কুড়াচ্ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তাকে রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী গোসাই শ্যামানন্দ দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।