পঞ্চগড়ে রাত ১০টার পর থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও নাশকতা বন্ধে একজনের বেশি কেউ মোটরসাইকেলে উঠতে পারবেন না। এর ব্যতিক্রম হলে মোটরসাইকেল জব্দসহ সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ভোরে এবং গত সোমবার পঞ্চগড় শহর ও বোদা উপজেলার বগদুরঝুলায় তিনটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, জেলায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম পর্যায়ে নাশকতা প্রতিরোধ কমিটি গঠনসহ স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।