পৈতৃক সম্পত্তি ফেরতের দাবিতে শতবর্ষী বৃদ্ধার সংবাদ সম্মেলন

রংপুর অফিস: রংপুর মহানগরীর পাশাড়িপাড়ায় সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে করে শতবর্ষি বৃদ্ধা রাশেদা খাতুন রংপুর জেলা ও পুলিশ প্রশাসনের কাছে আর্তি জানিয়ে বলেছেন, আমার জমি জিরেত ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন। নইলে আমাকে মেরে ফেলুন।’ তার অভিযোগ নগরীর দি মৌভাষা ইসলামিয়া ঔষধালয়ের স্বত্বাধিকারী এমদাদুল হক প্রামাণিক ও তার সিন্ডিকেট তার পৈত্রিক ২ দশমিক ২ একর জমি জবর দখল করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়ে পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের হয়রানী করছে।
সংবাদ সম্মেলনে রাশেদা বেগম দাবি করেন, বাহারকাছনা মৌজায় তার ৭ দশমিক ৩৯ একর জমির মধ্যে ২ একর ২ শতক জমি নগরীর শালবন এলাকার দি মৌভাষা ইসলামিয়া ঔষধালয়ের মালিক এমদাদুল হক প্রামাণিক ও তার সিন্ডিকেট জাল দলিল করে দীর্ঘদিন থেকে দখল করে বিভিন্ন জনের কাছে বিক্রি করে বারবার হাত বদলও করেছে।
রাশেদা বেগমের পৈতৃক সম্পত্তির মালিক সেজে তা রক্ষায় টাকার জোরে এমদাদুল আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন থেকে শুরু করে স্থানীয় ভাড়াটে গুন্ডা ও সন্ত্রাসিদের লালন করছে দাবি করে তিনি বলেন, আমার মত অসহায়ের পাশে যাতে কেউ ভয়ে না দাঁড়ায় সেজন্য এমদাদুল ও তার লোকজন আমার পরিবার-পরিজন এবং আমাকে সহযোগিতার জন্য এগিয়ে আসা আত্মীয়-স্বজনদের ওপরও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
বৃদ্ধা সংবাদ সম্মেলনের একপর্যায়ে কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার সম্পত্তি আমার ৫ ছেলে ও ১ মেয়ের নামে হেবা দানপত্র করে দিলে তারা নিজ জমিতে বসবাস ও চাষাবাদ করার উদ্দেশ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে সীমানা নির্মাণ করে বিভিন্ন গাছগাছালি রোপণ করে ও তা রক্ষণাবেক্ষনের জন্য দুটি টিনের চালাঘর নির্মান করে। এমদাদুল হক ও তার লোকজন গত বছরের ২৭ মে রাতের আঁধারে আমার ছেলেদের বনায়নকৃত গাছপালা ও ঘরদোর ভেঙ্গে ফেলে। নিজেরা সেটা করে পুলিশ প্রশাসনকে দিয়ে আমার ও আমার পরিবারের ওপর হয়রানী করছে। এসবের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ ও এজাহার দায়ের করলেও এখন অবধি মামলাটি রেকর্ড হয় নি বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, বৈধ সম্পত্তি থেকে বঞ্ছিত করার জন্য উল্টো আমার ছেলেদের এবং আমার বিপদে আপদে সাহায্যে এগিয়ে আসা আত্মীয়-স্বজনদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানী করছে। আমরা বাড়িতে ঠিকমতো বসবাস করতে পারছি না।
সংবাদ সম্মেলনে রাশেদা বেগম রংপুর জেলা ও পুলিশ প্রশাসনের কাছে এমদাদুল ও তার লোকজনের থেকে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং মিথ্যা হয়রানীমুলক মামলা প্রত্যাহার ও পরিবারের সদস্যদের নিরাপত্বা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে বৃদ্ধার ৫ ছেলেসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।