Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবার নয় বছর আগের সেই ডালমিয়া!

s-2স্পোর্টস ডেস্ক:
নয় বছর আগে জয়পুরে যে অসম্মান, অপমান আর কাঁটার গ্লানিতে বিধ্বস্ত হতে হয়েছিল ডালমিয়াকে, তা এক রকম উল্টো গাধার পিঠে চাপিয়ে মাথায় ঘোল ঢেলে দেওয়ার মতো। ২০০৫-এ কলকাতার বোর্ড বৈঠক থেকেই চিরপ্রতাপশালী ডালমিয়া ব্রাত্য হয়ে যান। কিন্তু তার অসম্মান চরমে পৌঁছয় এক বছর বাদে জয়পুরে ভারতের বোর্ডের বৈঠকে। বোর্ড ২৯-১ ভোটে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মুম্বাইয়ের আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। জয়পুরের সেই বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মনে হয়েছিল, ব্যাট-প্যাড ছাড়া চার ওয়েস্ট ইন্ডিয়ান বোলার সামলাতে গেলে যা ভবিতব্য, সে দিন তা-ই হয়েছিল ডালমিয়ার। বৈঠকের পর জয়পুর থেকে বিমানের জন্য অপেক্ষা না করে গাড়িতে দিল্লিগামী হন ডালমিয়া। তাকে ওই রকম রক্তাক্ত মানসিক অবস্থায় দেখে সাহায্যে এগিয়ে এসেছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার এক পদস্থ কর্মী। জয়পুর থেকে দিল্লি, তিনি স্বেচ্ছায় সহযাত্রী হয়ে যান। ডিডিসিএ-র সেই রবি বলেন, “এত বড় একটা লোক সে দিন গাড়িতে কথা বলতে পারছিল না। কী করে ওকে সান্ত্বনা দেব সারা রাস্তা ভেবে উঠতে পারিনি। খালি বলছিল, এত অপমান করল আমায়!” গোটা আন্তর্জাতিক ক্রিকেট মহল যখন সোমবারের মারকাটারি ক্রিকেট বোর্ড নির্বাচনের দিকে বিস্ফারিত তাকিয়ে, তখন তিনি, জগমোহন ডালমিয়া চব্বিশ ঘণ্টা আগেই কাহিনী সমাপ্ত করে দিয়ে বসে রয়েছেন। যেখানে নারায়ণস্বামী শ্রীনিবাসন ও শরদ পাওয়ার দুই মহারথীর ভাগ্যই দোদুল্যমান অবস্থায় থেকে গেল, সেখানে ডালমিয়া কি না বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী! তার আনুষ্ঠানিক নির্বাচন মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রায় এক দশক বাদে ভারতীয় ক্রিকেটের মগডালে তার এই বিহ্বল করা প্রত্যাবর্তন সম্ভব হল শ্রীনির পৃষ্ঠপোষকতায়। কিন্তু পরিস্থিতির এমনই চাপান-উতোর ছিল যে, তিনি অনায়াসে পাওয়ারেরও প্রার্থী হতে পারতেন। গড়পড়তা টি-টোয়েন্টি ম্যাচের যা বৈশিষ্ট্য থাকে, তার প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিয়ে এ দিন ডালমিয়ার ক্ষেত্রে তা-ই দেখা গেল। একটা সহজ সমাধানে পৌঁছতে থাকা ম্যাচ আচমকা অন্য দিকে ঘুরে গিয়েছিল। ভারতীয় ক্রিকেটের অলিন্দে দ্রুত খবর ছড়িয়ে পড়ে, ডালমিয়াকে সেই পেট্রন হয়েই সন্তুষ্ট থাকতে হবে। বিজেপি ও শ্রীনির বিশেষ আনুকূল্যে প্রেসিডেন্ট হয়ে যাবেন অনুরাগ ঠাকুর। তার পর দুই সিএবি কর্তা বিশ্বরূপ দে ও সুবীর গঙ্গোপাধ্যায় পরিস্থিতি সামলান। ডালমিয়ার মসনদে বসার সামান্য অনিশ্চয়তা তৈরি হতে হতেও মেঘ কেটে যায়। তিন বছরের জন্য মনোনয়ন চূড়ান্ত করে ফেলেন ডালমিয়া। এর আগে শ্রীনি চেয়েছিলেন নিজের পছন্দের এমন কাউকে মসনদে বসাবেন, যে ছয়-আট মাস বাদে তিনি মামলামুক্ত হলেই পদত্যাগ করবে। কিন্তু ডালমিয়া মোটেও শ্রীনির রাজত্বভার বইবেন না। তিনি অন্য কোনও প্রশাসকের জন্য বোর্ড প্রেসিডেন্ট পদ ছাড়ার পাত্রই নন। সুতরাং ডালমিয়াকে আনা মানে তিন বছরের জন্য শ্রীনি এবং পাওয়ার দুজনেরই ফেরার পথ বন্ধ হয়ে যাওয়া। এই অবস্থায় ডালমিয়াকে এক রকম সর্বসম্মত বেছে নেওয়া থেকে পরিষ্কার, ভাগ্য ও চাতুর্য, দু’টোই সমানে মেশাতে পেরেছেন সত্তরোর্ধ্ব শিল্পপতি। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, পাকিস্তান থেকে বাংলাদেশ, আন্তর্জাতিক ক্রিকেট মহল রবিবার তার প্রত্যাবর্তনের খবরে অতি বিস্মিত। কেউ কেউ বলছিলেন এটা রূপকথার কামব্যাক।

Leave A Reply

Your email address will not be published.