চিলমারীতে উত্তরবঙ্গের সর্ব বৃহৎ অষ্টমীর স্নান আগামীকাল
শাহ্ আলম, কুড়িগ্রাম: আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার, কুড়িগ্রামের প্রাচীনতম নৌ বন্দর চিলমারীর ব্রক্ষপুত্র নদের ডান তীরে উত্তরবঙ্গের সর্ব বৃহৎ হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান ও দিন ব্যাপী অষ্টমীর মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন উপজেলার রাজারভিটা থেকে পুটিমারী হয়ে সরদারপাড়া ডানতীর প্রতিরক্ষা প্রকল্প পর্যন্ত প্রায় ৬ কিলো মিটার এলাকা জুড়ে স্নান সম্পন্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। স্নান ও মেলা এলাকা জুড়ে বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন এর ব্যবস্থা করা হয়েছে। মেলা ও ব্রক্ষপুত্র স্নান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য মেলা স্থলে কন্ট্রোল রুম বসানো হয়েছে। কন্ট্রোল রুম থেকে মেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হবে।
এবার একই দিনে ১লা বৈশাখ ও অষ্টমীর স্নান অনুষ্ঠিত হচ্ছে। তীর্থ যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ ও আনছার মিলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা উপজেলা। দূর -দূরান্তের পূর্ণার্থীরা যাতে নিরাপদে রাত্রী যাপন করতে পারে সে কারনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেলায় ৫ থেকে ৬ লাখ পূর্ণাথীর উপস্থিতি হবে মর্মে মেলার আয়োজক কমিটি আশা করছেন। প্রতি বছর চৈত্রী মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্ল্যা জানান, চিলমারী উপজেলার ব্রক্ষপুত্র নদের ডান তীরে অষ্টমীর স্নান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যাতে করে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন নিরাপদে স্নান সেরে যেতে পারে।