তামিলদের স্বায়ত্তশাসনের আহ্বান মোদির
শ্রীলঙ্কার তামিলদের স্বায়ত্তশাসন দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরের শেষ দিনে শনিবার শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অন্যতম যুদ্ধক্ষেত্র জাফনা শহর পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি। গত ২৮ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম শ্রীলঙ্কা সফর। সফরের প্রথম দিন শুক্রবার প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে সাক্ষাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান মোদি। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করে ভারতীয় প্রভাব পুন:প্রতিষ্ঠা করতেই মোদির এ সফর। এদিকে, মোদির সফরকে কেন্দ্র করে জাফনা শহরে বিক্ষোভ করেছে গৃহযুদ্ধে নিখোঁজদের পরিবাররা।
