পীরগঞ্জে মুজিবনগর ও গণহত্যা দিবস পালিত
পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে প্রথম বারের মত ১৭ এপ্রিল মুজিবনগর ও পীরগঞ্জ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বাহিনী ট্রাকযোগে পীরগঞ্জের মাটিতে প্রবেশ করে শহিদ মুক্তিযোদ্ধা ডা. সুজাউদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা, মোজাফফর হোসেন, আ. জব্বার, আতিউর রহমানসহ ৭জন গুণী ব্যক্তিকে ধরে নিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভাতারমারি ফার্মে নৃশংসভাবে হত্যা করে, তাই ১৭ এপ্রিল পীরগঞ্জ গণহত্যা দিবস পালন করা হয়। এর আলোকে সামনে রেখে পীরগঞ্জ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদের যৌথ আয়োজনে শুক্রবার সকাল ৯টায় প্রেসক্লাব থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. ইয়াসিন আলী- সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩। সংক্ষিপ্ত আলোকপাত করেন মো. ইকরামুল হক ভারপ্রাপ্ত সভাপতি পীরগঞ্জ আ’লীগ, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইব্রাহীম খান প্রমুখ।
বক্তব্য শেষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।