একতরফা গেট খুলে দেওয়াটা সঠিক কাজ নয়: তথ্যমন্ত্রী
কুষ্টিয়া প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অভিন্ন নদীতে নির্মিত বাঁধের গেট একতরফাভাবে খুলে দেওয়াটা সঠিক কাজ নয়। এ ব্যাপারে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা হিসাব করে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।’
ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে আজ রোববার দুপুরের দিকে ভেড়ামারা চরগোলাপনগরে পদ্মা নদীর পাড়ে মন্ত্রী এ কথা বলেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ”বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিকল্পনার ভিত্তিতে কাজ করবে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পরিকল্পনা দেওয়ার জন্য। ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা প্রমুখ।