আইএসের বিরুদ্ধে জাতিসংঘে ফ্রান্সের রেজোলিউশন
ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব নেতৃত্বের সমর্থন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া রেজোলিউশন পেশ করেছে ফ্রান্স। একটি শক্তিশালী আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ্যের কৌশলের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেবার আহ্বান জানিয়ে পৃথক আরেকটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, প্যারিস হামলায় জড়িতদের কেউ কেউ ইউরোপে শরণার্থীদের প্রবেশের সুবিধা নিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে ফ্রান্সে ঢুকে পড়েছিল। কর্তৃপক্ষ বলেছে, হামলার পরপরই তারা জানতে পেরেছে যে হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ সিরিয়া থেকে গ্রিস হয়ে ফ্রান্সে প্রবেশ করেছিল। তবে, ঐ ব্যক্তি শরণার্থী ছিল কি না তা জানা যায়নি। ফ্রান্সে শুক্রবার সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী বলে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আব্দেলহামিদ আবাউদ মারা গেছেন বলে বলা হচ্ছে। ফরাসী সরকার জানাচ্ছে বৃহস্পতিবার প্যারিসের স্য দেনি এলাকায় পুলিশ অভিযানে নিহত দুইজনের একজন ছিলেন ঐ ব্যক্তি। শুক্রবার আরোপ করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস চলবে বলে জানানো হয়েছে। বিবিসি।


