আনন্দমুখর পরিবেশে প্রথম ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে, ব্যাপক ভোটারদের উপস্থিতিতে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আজ সন্ধ্যায় ইউপি ভোটের পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে।’ সিইসি বলেন, ‘আমরা একটা কাজ করতে পেরেছি। সেটা হলো সময় মতো নির্বাচন করা। আগেতো সময় মতো নির্বাচনই হতো না। সময় মতো নির্বাচন করতে পারা আমাদের বড় একটা সাফল্য।’ তিনি বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছৃঙ্খলা হয়েছে, তবে তা দুঃখজনক। রাতে কয়েক জায়গায় ব্যালট পেপারে সিল মারার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দু’জনকে গুলি করেছে। যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে। কমিশন কয়েক জায়গায় নির্বাচন স্থগিত করেছে। কারণ সেখানে অনিয়ম হয়েছে। যেখানে অনিয়ম হয়েছে, সেখানে নির্বাচন বন্ধ না করলে বলা যেত কমিশন কোন ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, আজ ৭১২টির ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জায়গায় অনিয়মের কারণে ৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৭৫২টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে ২৭টির ভোট বন্ধ করেতে হয়েছে, আগামীকাল ১১ ইউপিতে ভোট হবে এবং ২৭ তারিখে হবে দুইটি ইউপিতে। কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, দলীয়ভাবে এবারই প্রথম নির্বাচন। এটা ঠিক হতে সময় লাগবে। কমিশন ক্রমাগত উন্নতি করছে। এজন্য সবার সহায়তা দরকার।



