আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তাকে অপহরণ করেছে জঙ্গিরা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে কর্মরত বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে জঙ্গিরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। আফগানিস্তানে ব্র্যাকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুন্দুজ এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত দুই বাংলাদেশি হলেন- প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (৩৭)। দুজনেরই বাড়ি পাবনা জেলায়। আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে স্থানীয় পুলিশ ও ইন্টেরিওর মিনিস্ট্রিকে জানিয়েছি। তারা কিছু স্টেপস নিয়েছে। ওই গাড়ির ড্রাইভার এবং আরও একজন আফগান ছিল। তাদের গ্রেফতার করা হয়েছে।তবে এর সঙ্গে তালেবান জঙ্গিরা জড়িত কি না- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।’ ঢাকায় ব্র্যাকের কমিউনিকেশনস লিড রনি মির্জা বলেন, ‘কুন্দুজে ফিল্ড ভিজিট শেষে ফেরার পথে শওকত ও সিরাজুল অপহৃত হন বলে আমরা খবর পেয়েছি। কাবুল থেকে ব্র্যাকের একটি প্রতিনিধি দল কুন্দুজে যাচ্ছে। তারা বিষয়টি তদারক করবেন।’



