ইন্টারনেট বিভ্রাটের কবলে সারাদেশ
হঠাৎ করেই অঘোষিত ইন্টারনেট ব্লাকআউট দেখলো দেশ। বুধবার দুপুর থেকেই এক ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট থেকে অন্ধকারে থাকতে হয়েছে নেটিজেনদের। জননিরাপত্তার কথা বিবেচনায় আজ এবং আরও কয়েকদিন এমনটা হতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি সূত্র জানিয়েছে, সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্যইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সরকার। আগামী আরও কয়েকদিন ইন্টারনেট সংযোগ পেতে কিছুটা সমস্যা হতে পারে। তবে কারিগরি ত্রুটির কারণে দেশেসাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন,শিগগিরই তা আবারও চালু করা হবে।
এদিকে বিটিআরসি উচ্চ পর্যায়ের সূত্র মতে, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
অপরদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএপি) এর সভাপতি এম এ হাকিম জানান, সরকার থেকে ইন্টারনেটবন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে সন্ধ্যার মধ্যে ইন্টারনেট যোগাযোগ আবারও স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো ও হ্যাঙআউট বন্ধ করার নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বেলা সোয়া ১২টার দিকে বন্ধের প্রক্রিয়া শুরু হয়। সাড়ে বারোটা নাগাদরাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আর দেড়টা থেকে দুইটার মধ্যে দেশের সবখানে ইন্টারনেট বন্ধ হয়ে যায়।


