এক্স ম্যান ছবিতে কৃষ্ণের অপমান!
বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘এক্স ম্যান অ্যাপোকেলিপস’ ছবির নতুন ট্রেইলার। আর সেখানে ভিলেনের মুখে এসেছে কৃষ্ণের নাম৷ হিন্দু দেবতার উল্লেখ যে যথাযথ নয়, এমনটাই মনে করছেন ‘ইউনিভার্সাল সোসাইটি অফ হিন্দুইজম’-এর প্রেসিডেন্ট রাজন জেদ৷
ছবির ট্রেইলারে ভিলেনের মুখের সংলাপে বলা হয়েছে, যুগে যুগে নানা নামে তিনি অবতীর্ণ হয়েছেন৷ সেই নামের তালিকাতেই উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণের নাম৷ ভিলেনের সঙ্গে কৃষ্ণের সাদৃশ্য টানা যে উচিত হয়নি এমনটাই দাবি রাজনের৷ পরিচালক ব্রায়ান সিঙ্গারকে তিনি অনুরোধ জানিয়েছেন ওই সংলাপ তুলে দেওয়ার জন্য৷
তাঁর মতে, শ্রীকৃষ্ণের জীবন নিয়ে হলিউডে যে কেউ ছবি তৈরি করতে পারেন, কিন্তু হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে তাঁদের সম্যক ধারণা থাকা উচিত৷ তা না হলেই এ ধরনের ঘটনা ঘটবে৷ এই ধরনের সাদৃশ্য যে হিন্দু ধর্মের অনুগামীদের প্রতি অশ্রদ্ধাজ্ঞাপন, এমনটাই তিনি জানিয়েছেন তাঁর বিবৃতিতে৷
ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, হিন্দুধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মের মধ্যে একটি৷ বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্মও এটি৷ এই ধর্মের গভীর দার্শনিকতা বোঝা উচিত৷ ধর্মে যে প্রতীকের ব্যবহার হয়েছে তার অর্থ বোঝা প্রয়োজন, সেগুলির অপব্যবহার বাঞ্ছনীয় নয়৷
তাঁর মতে, শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিত্বকে দেবতাজ্ঞানে পূজা করা হয় মন্দিরে, তাঁকে নিয়ে সস্তা ব্যবসায়িক কারণে ছবি তৈরির কোনও প্রয়োজন নেই৷ সূত্রঃ ইন্ডিয়া টুডে



