এবার ক্ষমা চাইলেন বাইডেন
পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রধান মিত্র তুরস্ক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। আর এরাই আইএস জঙ্গি গোষ্ঠী তৈরীর জন্য অনেকাংশেই দায়ী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তুরস্ক ও আরব আমিরশাহী তার এই বক্তব্যের জন্য কৈফিয়ত চাওয়ায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি জুনিয়র ফোরামে দেওয়া ভাষণে তিনি বলেন, সিরিয়ায় আমেরিকার জন্য বড় সমস্যা হয়ে উঠেছে সেখানকার মার্কিন মিত্ররাই। তিনি এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বাশার-আল-আসাদ সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর ছিল তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তিনি আরও জানান, আসাদের বিরুদ্ধে লড়তে রাজি যে কাউকেই কোটি কোটি ডলার এবং টন টন অস্ত্রের যোগান দিয়েছে এই তিন দেশ। দেশ তিনটি যে হঠকারী নীতি গ্রহণ করেছে তার ফলাফল এখন ভোগ করছে দেশগুলির সাধারণ নাগরিক। শুধু তাই নয়, তারাই আল-নুসরা ফ্রন্ট ও আল-কায়েদার উগ্রবাদীদের অস্ত্র ও অর্থের যোগান দিয়েছে। সিরিয়ার বিদেশি মদতপুষ্ট বিদ্রোহীদের এইভাবে সহায়তা দেওয়ার বিষয়টি আমেরিকা জানত বলেও স্বীকার করেন বাইডেন।



