এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীও নতুন স্কেলে বেতন পাবেন
সারা দেশের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারীরা নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পাবেন। গত জুলাই মাস থেকেই তাদের নতুন স্কেলে বেতন কার্যকর হবে। ফলে গত ১ জুলাই থেকে বকেয়াসহ বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা। রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করিয়া তাহাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক মূল্যায়নক্রমে প্রাপ্য অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই তারিখ হইতে কার্যকর করা সমীচীন হইবে।”
প্রজ্ঞাপনে বলা হয়, “এমতাবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই হইতে কার্যকর হবে।”
প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, “দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন। অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে গত জুলাই মাস থেকেই বেতন-ভাতা পাবেন। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণ নেই। প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সব সংশয় দূর হয়ে গেল।”
গত ১৫ ডিসেম্বর নতুন বেতনস্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকের বিষয়টি স্পষ্ট না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে আন্দোলনের পরিকল্পনা করে বিভিন্ন শিক্ষক সংগঠন।



