ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরব এক চিঠিতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। এর আগে ওমরাহ হজের নামে মানবপাচারের অভিযোগ এনে সৌদি সরকার ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল।
সোমবার ঢাকায় সৌদি দূতাবাস থেকে সরকারের ধর্ম মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি চিঠি এসেছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন।
সৌদি আরবে বিগত সময় ওমরাহ করতে গিয়ে ১১ হাজার ৪৮৫ জন বাংলাদেশি ফেরত আসেননি। এরপর সৌদি আরব বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেয় চলতি বছরের শুরুর দিকে। এ ঘটনার পর বাংলাদেশ সরকার ওমরা এজন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
গত ১৯ নভেম্বর ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংবাদ সম্মেলন করে জানান, ১১ হাজার ৪৮৫ জন ওমরা করতে গিয়ে ফেরত আসেননি। ওমরায় পাঠানো ১০৪ এজেন্সির বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করি। এর মধ্যে ৯৪টির লাইসেন্স বাতিলসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এসব এজেন্সির বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়।



