কলেজছাত্রী তনু হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে রোববার গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সকালে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এক প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ মুহম্মদ রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারউল মান্নান প্রমুখ। বক্তারা কুমিলার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু’র মর্মান্তিক হত্যাকান্ডসহ সাম্প্রতিক কালে ঘটে যাওয়া নারী ও শিশু নির্মম নির্যাতন ও বর্বরোচিত হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও এইসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবী জনান।
এছাড়াও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে তনু’র ধর্ষন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১নং রেলগেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব কমরেড মজুর আলম মিঠু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস। বক্তাগণ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মত নৃশংস ঘটনা ঘটছে। রাষ্ট্রের মন্ত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে লাঞ্চনাকারীদের মদদ দিয়েছে, পৃষ্ঠপোষকতা দান করছ্ েঅবিলম্বে সোহাগী জাহান তনু’র ধর্ষন ও হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এছাড়া গাইবান্ধা জেলার খোলাহাটী ও রামচন্দ্রপুর ইউনিয়নে গাড়ী থেকে দুই নারীকে নামিয়ে রাতভর গণধর্ষণ কারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান। গাইবান্ধা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় বক্তাগণ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে শাস্তির দাবী করেন। বক্তাগন এ সমস্ত ঘটনার প্রতিরোধে সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।



