কুড়িগ্রামের কৃষক ও মৎস্যজীবী প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় সফর
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী প্রতিনিধিরা অভিজ্ঞতা বিনিময়ে জেলার বিভিন্ন এলাকা সফর করে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন।
গত কাল সদর উপজেলার পাঁচগাছী, যাত্রাপুর, ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা চিলামারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল গ্রামের প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রদর্শনী ও ফেডারেশনের কার্যক্রম দেখে অভিজ্ঞতা বিনিময় করেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের এর সহযোগিতায় বেসরকারি সংস্থা জীবিকা ফুড সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্প এ অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করেন। এ সময় কৃষকরা আরডিআরএস বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের কৃষকদলের সাথে শেয়ারিং মিটিং, বাড়ির পতিত জমিতে সবজি বাগান, কৃষক মাঠ স্কুল, ভার্মি কম্পোস্ট সার প্রদর্শনী, বীজ সংরক্ষণ পদ্ধতি, ফুড ব্যাংকের কার্যক্রম ও কৃষি কাজের ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা নেন।
এ সময় জীবিকার পরিচালক মানিক চৌধুরী, ফুড সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পাপন কুমার সরকারসহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।