কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর গুলশানের কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতরাতে গুলশান-২ এ ইতালীয় নাগরিক সিজার হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের চলাচলের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র থেকে সতর্কতা জারি করা হয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। সোমবার ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। সেপ্টেম্বরের শেষ দিকে পশ্চিমা নাগরিকরা বাংলাদেশে জঙ্গি হামলার লক্ষ্যে পরিণত হতে পারেন বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।
পশ্চিমা নাগরিকরা অংশ নেবেন এমন অনুষ্ঠানে সাধারণদের উপস্থিতি সীমিত রাখতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কর্মচারীদের বলা হয়েছে বলেও জানানো হয় এতে। এছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে ভ্রমণ না করতে ওয়েবসাইটে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ধরণের মন্তব্য ভিত্তিহীন বলে উল্লেখ করে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ জানিয়েছেন, জঙ্গিবাদ উত্থানের বিষয়ে কোনো দেশের কাছে কোনো তথ্য থাকলে তা অবশ্যই অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাথে বিনিময় করা উচিত। কিন্তু যেভাবে বিভিন্ন দেশের কূটনীতিকরা ব্যবস্থা নিচ্ছেন তা সঠিক পথ নয় বলেও মনে করেন তিনি।
বাংলাদেশেরপত্র/এডি/আর



