গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪
গাজীপুর: গাজীপুরে লক্ষ্মীপুরা এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় ৪ জন আহত হন। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরার বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার বাঙ্গালগাছ এলাকার মো. হোসেনের ছেলে অটোরিকশা চালক হাফিজুর রহমান (৪৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মাপাড়া এলাকার গ্যাললা সরকারের ছেলে শহিদুল ইসলাম (৫০)।
আহতরা হলেন জয়দেবপুর থানার কনস্টেবল মো. আজহার, গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর এলাকার মো. শাহজাহানের স্ত্রী জোসনা বেগম (৩৭) এবং তার দুই ছেলে মিরাজ (১৬) ও মিনহাজ (১২)। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, সোমবারের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাফিজুর রহমান ও হাসপাতাল নেওয়ার পর শহিদুল ইসলাম মারা যান। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।



