জড়িতদের খুঁজে বের করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাঁর কাছে বিষয়টি জানতে চান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
গতকাল শনিবার তাঁর ধানমন্ডির বাসায় আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, ‘আগেও যাঁরা এসব ঘটনা ঘটিয়েছেন, আমরা তার মধ্যে বেশির ভাগ আসামিকে শনাক্ত আমরা করতে পেরেছি। এ ছাড়া যারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করা হবে। দু-এক দিনের মধ্যে আমি এ বিষয়ে অগ্রগতি জানাতে পারব।’
আহমেদুর রশীদের সাধারণ ডায়েরির বিষয়ে মন্ত্রী বলেন, ‘অভিজিৎ মারা যাওয়ার পরই আহমেদুর জিডি করেছিলেন। আমরা সে অনুযায়ী তাঁকে নিরাপত্তাও দিয়েছি। পুলিশ তাঁদের বাসায়ও গিয়েছে।’
নিরাপত্তাবাহিনী এ সব ঘটনা প্রতিরোধ করতে পারছেন না কেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে বলেছে আমরা পারছি না, আমরা অধিকাংশ সন্দেহভাজনকে আটক করেছি। তবে কেন হঠাৎ করে জঙ্গি মাথাচাড়া দিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। সরকার সঠিকভাবে সব মোকাবিলা করছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি কারওরই উচিত না ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। ব্লগারদের আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন সংযতভাবে লেখে।’ বাংলাদেশেরপত্র/এডিপি/আর



