জাপানী হত্যাকারীদের ধরতে বিশেষ অভিযান;রংপুরে গ্রেফতার ১৭
আমিরুল ইসলাম,রংপুর: জাপানী নাগরিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানের অংশ হিসেবে রংপুরের কোতয়ালী ও মিঠাপুকুর থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস জানান, রংপুরের মাহিগঞ্জ আলুটারি এলাকায় জাপানী নাগরিক হোচি কোনিওকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
এ অভিযানে কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের ৮ জনকে গ্র্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- মতিন (৩৩), ইফতেখারুল (৩০), সোহাগ (২৩), মামুন (৪৭), ফারুক (৩০), মাহাবুল (৩৪), মাহামুদ (৩২) ও রবিউল (২২)।
এদিকে মিঠাপুকুর থানা পুলিশ মিঠাপুকুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- আবু তালেব (২২), আশেকুর (২৫), শাহ আলম (৩২), চান মিয়া (৩৫), মোমিন (২৫), আনিস (৩০), রুহুল (২৫), ওয়াহেদ (৩২) ও নুরুল (৩৫)।



