জাফর ইকবালদের হত্যার ‘হুমকিদাতা’ আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, ড. জাফর ইকবাল ও মুনতাসীর মামুনসহ বিশিষ্টজনদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তার পরিচয় পাওয়া যায়নি। রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, আটক ব্যক্তি তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ও আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) নামে ইন্টারনেট ও মোবাইল ফোনে ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক ড. জাফর ইকবাল ও অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক মিজানুর রহমান খানসহ বিশিষ্টজন ও শীর্ষ রাজনৈতিক নেতাদের হুমকি দিয়ে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে অপরাধী শনাক্তে তদন্ত নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।



