ঢাকা বিভাগে থাকতে চাই দাবীতে শরীয়তপুরে মানববন্ধন ও সমাবেশ
শেখ জাভেদঃ “জাগো শরীয়তপুর জাগো” আমরা শরীয়তপুর বাসী থাকতে চাই ঢাকা বিভাগে এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে “জাগো শরীয়তপুর জাগো” উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় “জাগো শরীয়তপুর জাগো” ব্যানারে থাকতে চাই মোরা ঢাকা বিভাগে, যাবো না মোরা ফরিদপুরে এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর বাসীর প্রাণের দাবী আদায়ের লক্ষ্যে হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে নেমে আসে ঢাকা-শরীয়তপুর মহা সড়কে। রাজনৈতিকদলের নেতাকর্মী, সুধী সমাজ সহ নানা শ্রেণী পেশার লোকজনও দাবী আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ করে। পৌরসভার মনোহর বাজার মোড় থেকে শুর করে প্রেমতলা মোড় পর্যন্ত চলে ঘন্টা ব্যাপী মানববন্ধন।
জেলার সকল উপজেলার রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ জনতা, বিভিন্ন সরকারী-বেসরকারী কিন্ডার গার্টেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ¯œাতক শ্রেনীর শিক্ষার্থীদেরও দাবী আদায়ের লক্ষ্যে ভিন্ন ভিন্ন ব্যানারে মহা-সড়কের পাশে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ পালন করে।
মানববন্ধন ও সমাবেশে সংক্ষিপ্ত সময়ে তাদের মনের ভাষা ব্যাক্ত করে দাবী আদায়ের লক্ষ্যে বলেন, তারা শরীয়তপুর জেলা বাসী ঢাকার সাথে থাকতে চায়। কারন দক্ষিণ বঙ্গের মানুষের প্রাণের দাবী ছিল পদ্মা সেতু। আজ সেই সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। আজ যদি তাদের তথা শরীয়তপুর জেলা বাসীকে ফরিদপুর বিভাগে নেওয়া হয় তাহলে এই শরীয়তপুর বাসী ভোগ করতে পারবে না পদ্মা সেতুর সুফল। এছাড়াও ফরিদপুরের সাথে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থা ও তেমন ভালো না। তাছাড়া শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব ৬৯ কিলোমিটার আর ফরিদপুরের দূরত্ব ১০৩ কিলোমিটার। তাহলে কেন ফরিদপুর যাবে? যেতে চায় না ফরিদপুরে থাকতে চায় ঢাকা বিভাগের সাথে।
‘জাগো শরীয়তপুর’ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাষ্টার তার বক্তব্যে বলেন, যদি তাদের ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর বিভাগে অন্তভুক্ত করা হয় তাহলে সুদীর্ঘকালব্যাপী ঢাকা কেন্দ্রীক গড়ে ওঠা তাদের সকল প্রকার যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি বিপর্যস্ত হবে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড অক্ষুন্ন রাখতে তারা ঢাকা বিভাগর সাথেই থাকতে চায়। তারা ফরিদপুর বিভাগকে স্বাগত জানায়, কিন্তু শরীয়তপুর বাসি ঢাকা বিভাগে ছিল এবং ঢাকা বিভাগেই থাকতে চায়।



